প্রশিক্ষণকালে গ্রেনেড বিস্ফোরণ, বিজিবির দুই সদস্য নিহত
খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় এক গ্রেনেড বিস্ফোরণে বিজিবির দুই সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ সাংবাদিকদের জানান, হতাহত ব্যক্তিদের সবাই ১৬ বিজিবি রামগড় ব্যাটালিয়নের সদস্য। তিনি বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা। ঘটনার যাবতীয় বিষয় তদন্ত করা হবে।
নিহত ব্যক্তিরা হলেন নায়েক সুবেদার আবুল কাশেম (৫০) ও সিপাহি হাসান মিয়া (৪৫)। আবুল কাশেমের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কিলোরীতে। আর হাসান মিয়ার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুদরায়।
আহত চারজন হলেন নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক মাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাইফুল ইসলাম। তাঁদের হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে নিহত দুজনের ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ রামগড় ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে হস্তান্তর করা হবে তাঁদের পরিবারের কাছে।