প্রশিক্ষণকেন্দ্রের ১৩ কম্পিউটারের ১২টিই নষ্ট
পিরোজপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের ১৩টি কম্পিউটারের মধ্যে ১২টি অচল পড়ে আছে। ফলে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে জানা গেছে, ১৯৯৯ সালে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় পিরোজপুরে এ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষক ওয়াসিউদ্দিন বলেন, শুরুর সময় ১৩টি কম্পিউটার ছিল। ধীরে ধীরে ১২টি অকেজো হয়ে পড়েছে। কম্পিউটার সমস্যার কারণে এ শাখায় চলতি কোর্সে (জুলাই থেকে ডিসেম্বর) ৪৫ জনকে ভর্তি করা হয়েছে। অথচ এর আগে কোর্সগুলোতে ৭০ থেকে ৮০ জন ভর্তি হতেন। ১২ জন প্রশিক্ষণার্থীর একটি দল (ব্যাচ) গঠন করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থী নিতু অধিকারী বলেন, ‘১২ জনের জন্য নির্ধারিত সময় এক ঘণ্টা। ফলে একজন প্রশিক্ষণ নেওয়ার জন্য কম্পিউটার ভাগে পান মাত্র পাঁচ মিনিট।’ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস বলেন, ‘প্রতিদিন ৪০ টাকা খরচ করে গ্রামের বাড়ি কাউখালী উপজেলা থেকে এখানে আসি প্রশিক্ষণ নিতে। কিন্তু বসেই সময় পার করতে হয়। যেটুকু সময় পাই তা একটি বিষয়ে (ফাংশন) ঢুকে বের হতেই পার হয়ে যায়।’পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সেকান্দার আলী হাওলাদার বলেন, বরাদ্দ না থাকায় অচল কম্পিউটারগুলো মেরামত বা সংস্কার করা যাচ্ছে না। প্রশিক্ষণার্থীদের দুর্ভোগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ আসবে।