‘বিয়ের ১২ বছর পর জিহাদরে আল্লাহ আমারে দিছিল। অল্প কয় দিনের মধ্যে আবার নিয়া গেল। তোরা, আঁর বুকের মানিককে আনি দে।’ একমাত্র পুত্রসন্তান জিহাদকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন জামিনা বেগম। কুমিল্লায় প্রশিক্ষণরত কারারক্ষীদের ছোড়া গুলিতে গতকাল রোববার সকালে জিহাদ নিহত হয়। গতকাল বিকেলে জেলার বরুড়া উপজেলার লালমাই পাহাড়সংলগ্ন মাটিয়ারা গ্রামে গিয়ে জামিনা বেগমকে বিলাপ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও কারা সূত্রের বিবরণ অনুযায়ী, মাটিয়ারা গ্রাম থেকে প্রায় সোয়া দুই কিলোমিটার দূরে লালমাই পাহাড়ে ফায়ারিং স্কোয়াড। গতকাল সকাল নয়টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ১০৮ জন, ফেনী ও চাঁদপুরের আটজন করে মোট ১২৪ জন কারারক্ষীর তিন দিনের ফায়ারিং প্রশিক্ষণ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় কারারক্ষীদের ছোড়া একটি গুলি লালমাই পাহাড়ের দক্ষিণ-পশ্চিম এলাকার মাটিয়ারা গ্রামে শিশু জিহাদ হোসেনের মাথার পেছনে লাগে। এতে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক মিনিট ছটফট করে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। একই সময়ে দুটি গুলি কানুপুর গ্রামের আবদুল মোতালেব ও পূর্ব শিলমুড়ি গ্রামের আবদুল মতিনের বাড়িতে এসে পড়ে। খবর পেয়ে পুলিশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপ-কারামহাপরিদর্শক (ডিআইজ প্রিজন) ফজলুর রহমান, বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে জিহাদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জিহাদের চাচা ইউনূস মিয়া জানান, বিয়ের পর দীর্ঘদিন আনোয়ার-জামিনা দম্পতির সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসক, কবিরাজ দেখানোর পর তাঁদের একটি ছেলে হয়। সংসারের সেই আলো নিভে যাওয়ায় তাঁরা ভেঙে পড়েছেন।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান জানান, লালমাই পাহাড়ে কারারক্ষীরা ফায়ারিং প্রশিক্ষণের সময় একটি গুলি এসে শিশুটির মাথায় লাগে। মুহূর্তেই শিশুটি মারা যায়। এ ঘটনায় পুলিশ জিডি করেছে। ডিআইজি প্রিজন ফজলুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ফায়ারিং শুরু করি। এলাকায় মাইকিং হয়েছে। লাল পতাকা টাঙানো হয়েছে। যেখানে ফায়ারিং করা হয়, সেটা অনেক উঁচু। তা ছাড়া ফায়ারিং এলাকা থেকে দুর্ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে। কীভাবে যে দুর্ঘটনা ঘটল, তা বুঝতে পারছি না। দুর্ঘটনার কারণে ফায়ারিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’ লাল পতাকার অনেক দূরে গিয়ে গুলি পড়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’