প্রশিক্ষণার্থী ম্যাজিস্ট্রেটসহ ৪০ জন পেটের পীড়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে খাবার খেয়ে আজ মঙ্গলবার প্রশিক্ষণার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৪০ জন পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাতজন ম্যাজিস্ট্রেট ও চারজন কর্মকর্তা কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখনো তিনজন ম্যাজিস্ট্রেট ও চারজন কর্মকর্তা-কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) সোহরাব হোসাইন রাতে প্রথম আলোকে বলেন, ‘তারা আশঙ্কা করছেন সকাল ১১টার দিকে বাইরের থেকে আনা স্যান্ডউইচ খেয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ যারা এই স্যান্ডউইচ খায়নি কিন্তু শুধু দুপুরের খাবার খেয়েছেন কিংবা বিকেলে অন্য খাবার খেয়েছেন তাঁদের এ সমস্যা হয়নি। এ জন্য আশঙ্কা করা হচ্ছে ওই স্যান্ডউইচের জন্য এমনটা হয়ে থাকতে পারে।’
একাডেমির একটি সূত্র জানায়, বিকেলের দিকে প্রথমে কয়েকজন প্রশিক্ষণার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেট ব্যথা শুরু হয়। এর মধ্যে কারও কারও পাতলা পায়খানা শুরু হয়। পরে পর্যায়ক্রমে অন্যদেরও এ সমস্যা দেখা দেয়।
রেক্টর জানান, ঘটনার পরপরই কোনো রকম ঝুঁকি না নিয়ে যাদের একটু বেশি সমস্যা তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের একডেমির চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।