গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রশিক্ষণ ভাতা না পাওয়ার আশঙ্কায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণার্থীরা বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছেন।
প্রশিক্ষণার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই-২ প্রকল্পের আওতায় স্কুল-কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কোর্সের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ চলছে। প্রথম দিকে কয়েকটি ব্যাচে দৈনিক প্রশিক্ষণ ভাতা, যাতায়াত ভাতা দেওয়া হলেও গতকাল মঙ্গলবার শেষ হওয়া প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা না দিয়ে শুধু যাতায়াত ভাতা দিয়ে বিদায় করা হয়। কাল (আজ বুধবার) বাংলা, পদার্থবিদ্যা ও জীববিদ্যার ৮৩ জনের ২৪ দিনের কোর্স শেষ হচ্ছে। প্রশিক্ষণার্থীরা জানতে পারেন, তাঁদেরও প্রশিক্ষণ ভাতা না দিয়ে শুধু যাতায়াত ভাতা দেওয়া হবে। এ বিষয়টি জানতে পেরে শিক্ষকেরা দুপুরে বিক্ষোভ করেন।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘খেয়ে দেয়ে কোনো কাজ আছে নাকি? তাঁদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। তাঁরাই আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।’ তিনি আরও বলেন, সম্প্রতি প্রকল্প পরিচালক বদলি হয়ে যাওয়ায় প্রকল্পের টাকা ছাড় করা যায়নি। এতে প্রশিক্ষণ ভাতার অর্থসংকট দেখা দিয়েছে। নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরই অর্থসংকট কেটে যাবে। বিকল্প হিসেবে আগাম তারিখে তাঁদের প্রশিক্ষণ ভাতার চেক প্রদানের চিন্তা করা হচ্ছে।