সিলেটে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) প্রশিক্ষণার্থীদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর জের ধরে ইনস্টিটিউটের কয়েকটি কক্ষ ভাঙচুর হয়। গতকাল বুধবার ছাত্রাবাসে খাবারের টাকা বকেয়া রাখা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শহরতলির খাদিমনগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্রাবাসে নারী-পুরুষ মিলিয়ে দুই শতাধিক প্রশিক্ষণার্থী রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক প্রশিক্ষণার্থী জানান, ষষ্ঠ থেকে অষ্টম পর্বের অনেক প্রশিক্ষণার্থী টাকা না দিয়ে দীর্ঘদিন ছাত্রাবাসে খেয়ে আসছেন। জুনিয়র প্রশিক্ষণার্থীরা প্রতিবাদ করায় অষ্টম পর্বের প্রশিক্ষণার্থীরা বহিরাগতদের নিয়ে হামলা চালান। একপর্যায়ে জুনিয়র ও সিনিয়রদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। বিচ্ছিন্নভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিটব্যাপী সংঘর্ষে আটজন প্রশিক্ষণার্থী আহত হন। ইনস্টিটিউটের ছয়টি শ্রেণীকক্ষ ও ছাত্রাবাসের টেলিভিশন কক্ষ ভাঙচুর করা হয়।