প্রশিক্ষণে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল তিন আনসারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদরের সুতাং এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তিন আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহত ব্যক্তিরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তাঁরা একটি বাসে করে প্রশিক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাবুল মিয়া (২২), বিজয়নগরের মো. শরীফ মিয়া (২৭) ও সদর উপজেলার জিয়াউল (২৫)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ৬০ সদস্যের আনসার দল ব্রাহ্মণবাড়িয়ার শৈলপুর থেকে প্রশিক্ষণের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে হবিগঞ্জ সদরের সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত ৪০ জনের মধ্যে চারজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ২০ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি আছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আনসার-ভিডিপির জেলা কমান্ডার মাহবুব রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।