প্রশিক্ষণে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, আহত ১২
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশদের প্রশিক্ষণে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুলিশের দুই কর্মকর্তাসহ ১২ জন পুলিশ আহত হয়েছেন৷ তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে৷
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তবে তিনি বলেন, এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন৷
আবু ইউসুফ বলেন, রাজারবাগ পুলিশ লাইনস মাঠে কয়েক দিন ধরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনগামী বিভিন্ন পুলিশের প্রশিক্ষণ চলছে৷ গতকাল বিকেল পাঁচটার দিকে প্রশিক্ষণে ব্যবহৃত একটি সাউন্ড গ্রেনেড হঠাৎ বিস্ফোরিত হয়৷ তবে কী কারণে গ্রেনেডটি বিস্ফোরিত হলো, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি৷
নাম প্রকাশ না করার শর্তে রাজারবাগ পুলিশ লাইনসের এক চিকিৎসক জানান, সবাই সামান্য আহত হয়েছেন৷ সবার শরীরের কিছু কিছু জায়গায় চামড়ায় চোট লেগেছে৷ তবে বড় কোনো সমস্যা হয়নি৷
আহত ব্যক্তিরা হলেন উপপরিদর্শক (এসআই) আবদুল বাকী, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, কনস্টেবল আদম আলী, জাহাঙ্গীর আলম, ফারুক হোসাইন, কাজী শাহীন, কাজী আনোয়ার, মো. আকরাম, মাকসুদ রানা, আবু সাইদ, লুৎফর রহমান ও নায়েক খালেদুর রহমান৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কানে সমস্যা দেখা দেওয়ায় এএসআই আনোয়ার ও কনস্টেবল শাহীনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের আবার রাজারবাগে আনা হয়৷