বাংলা ইশারা ভাষা দিবস আজ শুক্রবার। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালন করা হবে। কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে ইশারা ভাষার প্রচলন এখনো খুবই সীমিত। গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে ইশারা ভাষা এখনো অবহেলিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে একুশের বইমেলার উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ টেলিভিশনসহ সব টেলিভিশন চ্যানেলে ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের নির্দেশ দেন। ২০০৯ সালের ২৬ মার্চ থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভি এবং আগস্ট মাস থেকে বিটিভি তা চালু করে। এ পর্যন্ত অন্য কোনো টেলিভিশন তাদের সংবাদে ইশারা ভাষার ব্যবহার শুরু করেনি।
ব্যাপকভাবে গণমাধ্যম বা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে ইশারা ভাষায় দোভাষীর দায়িত্ব পালনের জন্য দক্ষ কর্মী নেই। এটি সরকারি নির্দেশনা বাস্তবায়নের পথে একটি বড় বাধা। এমনকি যাঁরা বর্তমানে এ দায়িত্বটি পালন করছেন তাঁদেরও অনেকের দক্ষতার মাত্রা আশানুরূপ নয় বলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ইশারা ভাষা শেখানোর জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। বেসরকারি সংগঠন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল) দাতা সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় টেলিভিশনে দোভাষীর দায়িত্ব পালনের জন্য দুবার এক ও তিন মাসের প্রশিক্ষণ দেয়। আর্থিক সঙ্গতি না থাকায় সে প্রশিক্ষণও বন্ধ।
এসডিএসএলের সমন্বয়ক শান্তনু দে প্রথম আলোকে বলেন, বাংলা ইশারা ভাষা শেখানোর জন্য একটি ইনস্টিটিউট করার জন্য সরকারের কাছে দাবি তোলা হচ্ছে।
বিটিভির দোভাষীদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ: বিটিভি দুপুর দুইটার খবর এবং সন্ধ্যা ছয়টার দেশ ও জনপদের খবরে ইশারা ভাষার দোভাষী রেখেছে। বিটিভির দুজন দোভাষীকে অযোগ্য দাবি করে কর্তৃপক্ষের কাছে গত ২১ ডিসেম্বর লিখিত অভিযোগ দেয় এসডিএসএল। এতে বলা হয়েছে, একজন দোভাষী নিজেই ইশারা ভাষা বুঝতে পারেন না। অন্যজন কিছুটা বুঝতে পারলেও তাঁর খবরের উপস্থাপন সঠিক হচ্ছে না। ওই দুই দোভাষী হলেন অনিমেষ কুমার দত্ত এবং শাহানাজ রীতা। এঁদের নিয়োগও দেওয়া হয় বিজ্ঞপ্তি ছাড়া। বিটিভির উপমহাপরিচালক (বার্তা) বাহার উদ্দিন জানিয়েছেন, এসডিএসএলের অভিযোগ পাওয়ার পর এ দুজন আর দোভাষী হিসেবে দায়িত্ব পালন করছেন না। এঁরা বাদ পড়লে এখনো বিশাল দর্শক থাকা রাষ্ট্রীয় এ সম্প্রচার মাধ্যমে দোভাষীর সংখ্যা হবে চার জন। উল্লেখ্য, দেশে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩০ লাখ।
বিটিভির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহানাজ রীতার বড় বোন শিরিন আক্তার এবং দুলাভাই মনোয়ার হোসেন দোভাষীর কাজ করছেন। অনিমেষ বিটিভিতে ক্যামেরা সহকারী হিসেবে কর্মরত। তবে শাহানাজ ও অনিমেষ প্রথম আলোর কাছে নিজেদের যোগ্য বলেই দাবি করেন।
দেশ টিভিতে তিনজন: এ চ্যানেলে সন্ধ্যা সাতটার বুলেটিনে ইশারা ভাষার দোভাষীর মাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। দোভাষী আছেন তিনজন।
দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত প্রথম আলোকে বলেন, তাঁদের তিন দোভাষীর দক্ষতা নিয়ে কখনো কোনো অভিযোগ আসেনি। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের একটি সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে তাঁরা এ দায়িত্ব পালন করছেন।
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপিত হয়।