
প্রসবকালে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে দেশে তিন হাজার প্রশিক্ষিত ‘মিডওয়াইভ’ বা ধাত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি উপজেলায় চারজন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে তিন বছরের ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী নিয়োগ করা হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে এই নিয়োগ শুরু হবে। নিরাপদ প্রসব ও ধাত্রী নিয়োগের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করার লক্ষ্যে আজ শনিবার প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএর সহযোগিতায় প্রথম আলো আয়োজিত এই গোলটেবিলে আলোচকেরা বলেছেন, সুফল পেতে হলে নিয়োগ পাওয়া প্রশিক্ষিত ধাত্রীদের স্বাধীনভাবে কাজের সুযোগ তৈরি করতে হবে, তাঁদের সামাজিক মর্যাদা দিতে হবে এবং কর্মক্ষেত্রে তাঁদের অবস্থান নিশ্চিত করতে হবে।
‘মিডওয়াইভস-সুন্দর আগামীর জন্য’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নূর হোসেন তালুকদার। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রসূতিদের জন্য দেওয়া সেবার মান ভালো নয়। সে কারণে অনেকে হাসপাতালে যেতে চান না। আর যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বেসরকারি ক্লিনিকে যান। এখন নতুন যে ধাত্রীদের নিয়োগ দেওয়া হবে, তাঁদের সহমর্মিতার মন নিয়ে সন্তানসম্ভবা মায়েদের সেবা দিতে হবে। নিয়োগ পাওয়ার পর যেখানে নিয়োগ দেওয়া হবে, সেখানেই তাঁদের বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। অনেকেই গ্রামে যেতে চান না। নিয়োগ পাওয়ার পর যদি তাঁরা কর্মক্ষেত্রে না থাকেন, তবে এই কর্মসূচির উদ্দেশ্য পূরণ হবে না।
মূল প্রবন্ধে ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেন, দেশে বর্তমানে প্রসবকালীন মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৭০ জন। ১৯৯০ সালে এই হার ছিল ৫৭৪ জন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৪৩ জনে নামিয়ে আনার লক্ষ্য ছিল। ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রসবকালে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে এই লক্ষ্য অর্জনের জন্য দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। মূল আলোচনায় তিনি বলেন, দেশে বর্তমানে শতকরা প্রায় ৪২ জন সন্তানসম্ভবা মা প্রশিক্ষিত ধাত্রীর পরিচর্যায় নিরাপদ প্রসবের আওতায় এসেছেন। বাকি মায়েরা ঘরেই অপ্রশিক্ষিত ধাত্রীদের সহায়তায় সন্তান জন্ম দিচ্ছেন। এতে মৃত্যুর ঝুঁকি ছাড়াও মায়েরা প্রসব-পরবর্তী নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
আলোচনায় অংশ নেন অবসট্রিটিকাল্য ও গাইনিকোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, ইউএনএফপিএর ইন্টারন্যাশনাল মিডওয়াইফারি উপদেষ্টা রন্ডি এন্ডারসন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিডওয়াইফ প্রোগ্রাম পরিচালক ইসমত ভূঁইয়া, স্বাস্থ্য বিশেষজ্ঞ মোমেনা খাতুন, মিডওয়াইভ সোসাইটির সভাপতি হালিমা আক্তার, নার্সিং কাউন্সিলের নিবন্ধক সুরাইয়া বেগম, ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ আবু জাফর মোহাম্মদ মূসা, নার্সিং সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফরহাদ, জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদের সদস্য তাসনিম জারা, ঢাকা নার্সিং কলেজে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিভাগের দুই শিক্ষার্থী আঁখি মণ্ডল ও লুবনা বেগম।
আলোচকেরা বলেন, দেশের হাসপাতালগুলোতে প্রসূতি বিভাগ সবচেয়ে অবহেলিত। এই অবস্থার পরিবর্তন করতে হবে। নিরাপদ প্রসবের জন্য সন্তানসম্ভবা মায়েদের শতভাগ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ধাত্রী নিয়োগ করতে হবে এবং তাঁদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। ধাত্রীদের নিয়োগ দেওয়ার পর তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি দক্ষ প্রশিক্ষকও গড়ে তুলতে হবে। তাঁরা ধাত্রীবিদ্যার জন্য আলাদা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
গোলটেবিলের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, নিরাপদ প্রসবের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাতে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে। এর পরও যে সমস্যাগুলো রয়েছে, তা দূর করে আগামী ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষিত ধাত্রীরা অবদান রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।