শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল সোমবার অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ‘মৌলিক অর্থায়ন’ পত্রের পরীক্ষা আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল সোমবার বিবিএস (সম্মান) প্রথম বর্ষের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। এ পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে রাজপথে বিক্ষোভ ও ভাঙচুর চালান। যোগাযোগ করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।বিভিন্ন স্থানে বিক্ষোভ: কুষ্টিয়া অফিস জানায়, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করার অভিযোগে কুষ্টিয়া জিলা স্কুল কেন্দ্রের শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কেন্দ্রে বসে ছিলেন। পরে তাঁরা রাস্তায় নেমে আসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েক শ শিক্ষার্থী কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা একটি যাত্রীবাহী বাস ও জেলা সহকারি মনিটরিং কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেন। কুষ্টিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বরিশাল অফিস জানায়, সরকারি ্ব্রজমোহন ও সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রজমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মরতুজা আবেদীন বলেন, ‘প্রশ্ন সিলেবাস-বহির্ভূত নয়, একটু কঠিন হয়েছে। পরীক্ষার্থীদের মনঃপূত না হওয়ায় এ ঘটনা ঘটেছে।’গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে গাছের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে কলেজের সামনের রাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, একই অভিযোগে সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্রের প্রায় ২০০ পরীক্ষার্থী পরীক্ষা বর্জন করে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। হবিগঞ্জ প্রতিনিধি জানান, বৃন্দাবন সরকারি কলেজের প্রায় ৪০০ পরীক্ষার্থী বিক্ষোভ করে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। পরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখেন।