প্রশ্ন কমন না পড়ায় সড়ক অবরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন কমন না পড়ায় রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা দিতে আসা কিছু শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান তাঁরা।অবরোধে অংশ নেওয়া পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজ ও কাজী নজরুল ইসলাম কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রসায়ন বিষয়ের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। অবরোধের কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন যানবাহনের যাত্রীদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অবরোধে অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানান, গতকাল তাঁদের অর্গানিক স্পেকট্রোসকপি বিষয়ের পরীক্ষা ছিল। তাঁদের দাবি, প্রশ্ন কমন পড়েনি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা পরীক্ষার পর ইডেন কলেজের সামনের সড়ক অবরোধ করেন।তিতুমীর কলেজের ছাত্র খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে। অন্যান্য বছর আগের বছরের প্রশ্নপত্র থেকে প্রশ্ন এলেও এবার তা হয়নি। উত্তর দিতে না পেরে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।