প্রশ্ন কেনাবেচার সময় আটক ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন। তবে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, পঞ্চগড় ও পিরোজপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পরীক্ষার হলে নকল করার অভিযোগে পিরোজপুরে দুজনকে বহিষ্কার করা হয়।প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের নামে কিছু এলাকায় বাণিজ্য হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কোথাও প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ছয় সেটের মধ্যে ‘সুরমা’ সেটে সারা দেশে পরীক্ষা হয়েছে এবং কোথাও এই সেটের প্রশ্ন ফাঁস হয়নি। গতকাল শুক্রবার দেশের ৬১ জেলায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৪৫ হাজার ৬৩২ জন প্রার্থী।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: পুলিশ জানায়, জেলার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে গতকাল ভোরে প্রশ্নপত্র ফটোকপি করার সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (ছয় সেট) প্রশ্নপত্র ফটোকপি করছিলেন। এ ছাড়া নাগেশ্বরী সদর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।আটক ব্যক্তিরা হলেন প্রদীপ কুমার, হারুন অর রশীদ, আবদুল হাকিম, মমিনুল ইসলাম, নাজমুল হক, খলিলুর রহমান, আতাউর রহমান, জাহেদুল হক, শফিকুল ইসলাম, মিজানুর রহমান ও তাজুল ইসলাম।পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের প্রশ্নপত্রের মিল খুঁজে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পুলিশ জানায়, পীরগঞ্জের পশ্চিম চৌরাস্তা রেলক্রসিং এলাকা থেকে গতকাল ভোরে ছয় পাতার এক সেট প্রশ্ন ও উত্তরপত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে আরসির সঙ্গে মেশানো অর্ধবোতল মদ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনিসুজ্জামান শান্ত, সাদেক আলী, আলী হোসেন, সোহাগ ও বেলাল হোসেন।থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, পরীক্ষার প্রশ্নের সঙ্গে এর কোনো মিল নেই। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।গাইবান্ধা: পুলিশ জানায়, জেলার সাদুল্যাপুর সদরে গ্রামীণফোন সেন্টারের মালিক রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দোকানে ফটোকপি করে আরিফুল ইসলাম ও কামরুল ইসলামের সহায়তায় পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ থানায় খবর দেয়। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষার শাপলা, ধানসিড়ি, জবা, গোলাপসহ বিভিন্ন সিরিজের ছয় সেট প্রশ্নপত্রের ফটোকপি উদ্ধার করে। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, উদ্ধার করা প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের মিল নেই। তাঁরা টাকা হাতিয়ে নিতে এসব প্রশ্ন বিক্রি করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পঞ্চগড়: পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের সদস্যরা শহরের আরবি কম্পিউটার ও ফটোকপি দোকানে যান। এ সময় সাত-আটজন ফাঁস হওয়া প্রশ্নোপত্র ফটোকপি করছিলেন। কী করা হচ্ছে বলতেই তাঁরা পালিয়ে যান। তবে তাঁরা ১২ সেট ফটোকপিসহ গোলাপ, জবা, পদ্মা ও কপোতাক্ষ নামে চার সেট প্রশ্নপত্র উদ্ধার করে। সদর থানার পুলিশ খবর পেয়ে দোকানে গিয়ে ফটোকপি মেশিন ও প্রশ্নপত্র জব্দ করে। এ সময় দোকানের কর্মচারী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান জানান, মনিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।পিরোজপুর: পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ গণেশচন্দ্র অধিকারী জানান, তাঁদের কেন্দ্রে পরীক্ষার সময় সোনিয়া আক্তার ও সুমিতা রানী সমদ্দার নামের দুই পরীক্ষার্থী নকল করেন। বিষয়টি জানার পর তাঁদের বহিষ্কার করা হয়।এদিকে বৃহস্পতিবার রাত থেকে একটি চক্র পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকের কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে।নীলফামারী: কয়েকজন পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নীলফামারীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণা করেছে প্রতারকেরা। ছয় সেট প্রশ্নপত্র বাজারে ছেড়েছিল তারা। তবে এসব প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।