প্রশ্ন তুললেও কোনো সুপারিশ করেনি সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নতুন করে ক্রসফায়ারের ঘটনা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কমিটি এসব বিষয়ে কোনো সুপারিশ করেনি।গতকাল বুধবার সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক সাংবাদিকদের জানান, বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, কোনো ধরনের নাশকতা হবে না, এমন প্রতিশ্রুতি দিলে যে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।১৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা শহরে এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন। কত দিন সমাবেশ নিষিদ্ধ থাকবে, জানতে চাইলে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট কিছু বলেননি। তবে মনে হচ্ছে, অনির্দিষ্টকাল এভাবে চলবে। এ বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি।ক্রসফায়ার প্রসঙ্গে মুজিবুল হক বলেন, র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসী আটক করতে গেলে অনেক সময় বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি।মুজবুিল হক আরও বলেন, ‘ক্রসফায়ারের বৈধতা আগে থেকেই প্রশ্নবিদ্ধ। বেশ কিছু দিন ক্রসফায়ার বন্ধ ছিল। সম্প্রতি তা ঘটতে শুরু করেছে। এ বিষয়ে র‌্যাব যে ব্যাখ্যা দিয়েছে, তা কমিটির কারও কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, কারও কাছে হয়নি।’

গত ২২ মে রাজধানীর উত্তরায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ জহিরুল ইসলাম ও সাজু আকন্দ নামে দুই যুবক নিহত হন। পরে র‌্যাব জানায়, নিহত দুজন পেশাদার ছিনতাকারী। এ ছাড়া গত ১১ মে রাজশাহীর বিনোদপুর এলাকায় ক্রসফায়ারে শিবিরের এক কর্মী নিহত হন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর র‌্যাবের তৎপরতায় দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার কমে গেছে। এ বিষয়ে তাঁরা কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তবে কার্যপত্রে এ-সম্পর্কিত যেসব কাগজপত্র উপস্থাপন করা হয়, বৈঠক শেষে তা ‘অতি গোপনীয়’ উল্লেখ করে কমিটির সদস্যদের কাছ থেকে তুলে নেওয়া হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সরাতে এবং সাভারের রানা প্লাজা ধসের পর তা বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করা হয়।

কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মির্জা আজম, নূরুল ইসলাম, সানিজদা খানম ও সফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহ্মুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।