প্রশ্ন তোলার অধিকার প্রতিটি মানুষের আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম খায়রুল হক
এ বি এম খায়রুল হক

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, অধস্তন আদালতের শৃঙ্খলাবিষয়ক সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বর্তমানে যে পর্যায়ে আছে, সেটাই সেরা রূপ এবং তাতে একটা ভারসাম্য আছে। কারণ, একক ক্ষমতা সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয়—কারও হাতে থাকা উচিত নয়।

প্রথম আলোসহ চারটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইন কমিশনের কার্যালয়ে তিনি এই সাক্ষাৎকার দেন। প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বিচারপতি খায়রুল হক বলেন, ‘যেসব তথ্যের ভিত্তিতে উনি রায় দিয়েছেন, সেটাকে আমরা সঠিক বলে মনে করি না। মূল রায়ও আমাদের কাছে মনে হয়েছে ভ্রমাত্মক। পর্যবেক্ষণগুলোও মনে হয়েছে আরও বেশি ভ্রমাত্মক।’

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন খায়রুল হক। ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু সম্পর্কে তির্যক মন্তব্যসহ ‘আলগা’ কথা বলা হয়েছে বলে তিনি মনে করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের নয়, বিচারকদের প্রজাতন্ত্রে বাস করছেন’ বলে এর আগে দেওয়া বক্তব্যটি তিনি আক্ষেপ করে বলেছিলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় ১ আগস্ট প্রকাশিত হয়। ৯ আগস্ট রায় নিয়ে বক্তব্য দেন তিনি। এরপর থেকেই এ নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গন সরগরম হয়ে ওঠে।

প্রধান বিচারপতি ওই রায়ে বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তার মানে অধস্তন আদালতের বিচারকদের অপসারণে একধরনের ব্যবস্থা এবং উচ্চ আদালতের ক্ষেত্রে আরেক রকম ব্যবস্থা—এটা স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি কি না, জানতে চাইলে বিচারপতি খায়রুল হক বলেন, একেবারেই না। ফুল কোর্টের সিদ্ধান্ত ছাড়া অধস্তন আদালতের কোনো বিচারককে অপসারণ করা যায় না।

অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটের বিষয়ে উচ্চ আদালত সরকারকে ২০ বারের বেশি সময় দিয়েছেন। এ প্রসঙ্গেও তিনি বিস্ময় প্রকাশ করেন। তাহলে আপনি মাসদার হোসেন মামলার রায়ের সিদ্ধান্তের পরম্পরা অস্বীকার করছেন কি না এমন প্রশ্নে খায়রুল হক বলেন, যদি তা হয়ে থাকে, তাহলে তা-ই করছেন। কারণ, মাসদার হোসেনের মামলা সংবিধানের ওপরে নয়।

বিচারপতি খায়রুল হক প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বলেন, রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু সম্পর্কে তির্যক মন্তব্য অবশ্যই করা হয়েছে। এ ধরনের ‘আলগা’ কথা বলার কোনো মানে হয় না। একক নেতৃত্বে কোনো দেশ ও জাতি স্বাধীন হতে পারে না—এটা বলা মানে কি বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি? তিনি বলেন, নেতৃত্ব এককই থাকে। তার সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত থাকে। কে, কী বলল, তাতে ইতিহাসের গতি বদলাবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রায়ের ক্ষেত্রে বিশেষ বিশেষ পর্যবেক্ষণ তাঁর কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে। যতক্ষণ পর্যন্ত রায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তা মানতে বাধ্য। কিন্তু রায় গ্রহণ করতেও পারে, না-ও পারে, এটা জনগণের অধিকার।

সাত বিচারপতির রায় নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশ্ন তোলার অধিকার তাঁর আছে। রায় নিয়ে প্রশ্ন তোলার অধিকার দেশের প্রত্যেক মানুষেরই আছে।

আইন কমিশনের চেয়ারম্যানের মতো লাভজনক পদে থেকে রায় নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে খায়রুল হক বলেন, তিনি সরকারি কর্মকর্তা নন। তিনি আছেন চুক্তি ভিত্তিতে। এই পদে থেকে বক্তব্য দেওয়ায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁর পদত্যাগ দাবি করার বিষয়ে তিনি বলেন, তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা আছে, আবার তাঁরও স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে।

আরেক প্রশ্নের জবাবে সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাহী বিভাগ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারে। যদি সংসদ সংবিধানবহির্ভূত কোনো আইন পাস করে, তাহলেও সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট যদি ভুল করে, তাহলে আমরা কোথায় যাব?’

রায় লেখারও একটা ব্যাকরণ আছে উল্লেখ করে বিচারপতি খায়রুল হক বলেন, এখানে ইস্যু ছিল ষোড়শ সংশোধনী বৈধ, না অবৈধ। এটা কি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক? সেই ইস্যু সামনে রেখে মূল রায় লেখা বিচারপতি অন্যদিকে চলে যান। তিনি বলেন, সংসদ অপরিপক্ব, তাঁদের হাতে বিচারকদের ভবিষ্যৎ দেওয়া যাবে না। গণতন্ত্র অপরিপক্ব, মেকি গণতন্ত্র। এগুলো বলা কি ঠিক? তাঁর মতে, সংসদ সম্পর্কে অত্যন্ত অপমানজনক কথা বলা হয়েছে। অথচ বেতনও সংসদ দেয়। সে ক্ষেত্রে সংসদ ঠিক আছে। কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে মেকি হয়ে গেল? তিনি (প্রধান বিচারপতি) সবচেয়ে বেঠিক কথা বলেছেন সংসদকে অকার্যকর বলে। এটা উনি বলতে পারেন না। সংসদকে অকার্যকর বলা হলে সরকারও অকার্যকর। আর সরকার অকার্যকর হয়ে গেলে প্রজাতন্ত্রই নেই।

রায়ের পর্যবেক্ষণকে আইন বলা যাবে কি না এমন প্রশ্নে খায়রুল হক বলেন, এটা সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। এটার যথেষ্ট মূল্য আছে।

ওনারা (রায়ের বিচারপতিরা) বলেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না থাকলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। সংবিধানের দুই জায়গায় বিচার বিভাগের স্বাধীনতাকে ‘সেভগার্ড’ করা হয়েছে। একটা হলো ৯৪ অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে, বিচারপতিরা সম্পূর্ণ স্বাধীন। আরেকটি হলো ১৪৭ অনুচ্ছেদ। অধস্তন আদালতের বিচারকেরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। এরপর তো আর কোনো প্রশ্ন ওঠার কথা নয়।

খায়রুল হক বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহি কিন্তু এক জিনিস নয়। দেশের প্রত্যেক মানুষের জবাবদিহি আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জবাবদিহি আছে। এই রায় অনুসারে বিচারপতিরা এখন প্রধান বিচারপতির কাছে জবাবদিহি করবেন। কারণ, প্রধান বিচারপতি নিজের রায়ে লিখেছেন সেটা।

প্রধান বিচারপতির কাছে জবাবদিহি হলে আপত্তির জায়গা কোথায়—এমন প্রশ্নে বিচারপতি খায়রুল হক বলেন, আপত্তির জায়গা হলো বিচারপতিরা কখনো প্রধান বিচারপতি কেন, কারও কাছেই জবাবদিহি নন। তাঁরা যেহেতু জনগণের কাছে জবাবদিহি থাকেন, সেহেতু জনগণের প্রতিনিধিদের কাছেই জবাবদিহি থাকবেন। আর কারও কাছে থাকতে পারেন না।

তবে এই রায় উদ্দেশ্যমূলক বলে তিনি বিশ্বাস করতে চান না। অবশ্য তিনি মনে করেন না, তাঁরা (বিচারপতিরা) এই রায়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক ছিলেন।

নিজের দেওয়া ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে খায়রুল হক বলেন, এই সংশোধনীর সময় তাঁর মনে হয়েছে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া বাঞ্ছনীয়। অথচ, যদি এই মামলার শুনানি না করতেন, তাহলে তো তিনিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন। কিন্তু তিনি এটা হতে চাননি। কারণ, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন।

তিনি বলেন, সেই রায়ের পর্যবেক্ষণ ছিল, যদি সংসদ ইচ্ছা করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দুই মেয়াদে রাখতে পারে। সে ক্ষেত্রে পর্যবেক্ষণে তিনি বলেছিলেন, সেখানে যেন বিচারপতিদের অন্তর্ভুক্ত না করা হয়। দুই মেয়াদে রাখলে রাজনৈতিক সংকট অনেকখানি কমে যেত কি না—এই প্রশ্নে তিনি বলেন, কোনটা করা সঠিক, আর কোনটা সঠিক নয়, সেটার সিদ্ধান্ত নেবে সংসদ।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে চাইলেন না, তাহলে কেন আইন কমিশনের চেয়ারম্যান হলেন—এ বিষয়ে তিনি বলেন, তাঁর একটি রায় আছে। যদিও তা কখনোই আইনে প্রতিফলিত হয়নি। সেখানে ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের দুই বছরের মধ্যে লাভজনক পদে যাওয়া উচিত নয়। সংবিধান অনুসারে আসতে পারেন বলে সবাই আসছেন। তবে তিনি অবসরের দুই বছর তিন মাসের মধ্যে এই পদ গ্রহণ করেননি।

সুয়োমোটো করে রায় ও পর্যবেক্ষণের বিষয় প্রত্যাহার করা যায় কি না, এ প্রশ্নে তিনি বলেন, সাধারণভাবে তা পারা যায়। তবে বিষয়টি তিনি এই রায়ের প্রেক্ষাপটে বলেননি।