প্রশ্ন ফাঁস তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পর মিছিল বের করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেন l প্রথম আলো
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পর মিছিল বের করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেন l প্রথম আলো

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে আন্দোলনরত ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের দাবি ‘তদন্ত কমিশন আইন ১৯৫৬’-এর আওতায় এই কমিশন গঠন করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এতে শিক্ষার্থীদের পক্ষে আসেফ বিন তাকি এবং অভিভাবকদের পক্ষে আশরাফ কামাল বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনের শুরুতে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ‘ফাঁস হওয়া প্রশ্নপত্রের’ স্ক্রিনশট প্রজেক্টরের মাধ্যমে বড় একটি পর্দায় দেখানো হয়। এ সময় দাবি করা হয় মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ৭৭টির মিল রয়েছে। একই সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পাওয়া একজন শিক্ষার্থীর মুঠোফোনে কথোপকথনের রেকর্ডিং শোনানো হয়, যেখানে ওই শিক্ষার্থী কোথা থেকে প্রশ্ন পেয়েছেন, কত টাকায় প্রশ্ন কিনেছেন সেসবের তথ্য রয়েছে। ওই শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আসেফ বিন তাকি সাংবাদিকদের বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর সকালে পরীক্ষা শুরুর প্রায় ১০ ঘণ্টা আগে ফেসবুক ও হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। ওই প্রশ্নপত্রের সঙ্গে ১০, ২০ কিংবা ৩০টি প্রশ্নের মিল থাকলেও কথা ছিল। কিন্তু ৭৭টি প্রশ্নের মিল থাকা কোনোভাবেই কাকতালীয় বিষয় হতে পারে না।’
অভিভাবক আশরাফ কামাল বলেন, এই ঘটনা তদন্তে কমিশন গঠন করা হলে সেখানে ফাঁস হওয়া প্রশ্নপত্রে যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁদের অনেককে হাজির করা হবে।
সংবাদ সম্মেলনে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। এ সময় জানানো হয়, প্রতিদিনের মতো আজ রোববার সকালেও আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবেন।
এর আগে গতকাল সকাল ১০টার পর থেকে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের ব্যানারে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার পর মিছিল নিয়ে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে হাজির হয়ে বিক্ষোভ করেন।
গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে কলেজে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরদিনই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আন্দোলনে তাঁদের সমর্থন দিয়েছেন।