পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সাজা ও জরিমানা বাড়িয়ে বিদ্যমান আইন সংশোধন করা হবে। প্রশ্ন ফাঁস নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বিদ্যমান ‘দ্য পাবলিক এক্সামিনেশন্স (অফেন্সেস), ১৯৮০ অ্যাক্ট সংশোধনের লক্ষ্যে জনমত নিতে তা ওয়েবসাইটেও দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে এই উদ্যোগ কার্যকর করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবেন। ৩২ সেট প্রশ্ন তৈরি করা হবে। এ ছাড়া প্রশ্ন প্রণয়নকারী ও মডারেটরের প্রতি নজরদারি বাড়ানো, বিজি প্রেসে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাবেষ্টনী গড়া, সংশ্লিষ্ট কক্ষগুলোতে সিসি টিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার সময়ে কোচিং সেন্টারগুলোর ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। ‘ভুয়া’ প্রশ্নপত্র, সাজেশনের নামে প্রশ্নপত্র ইত্যাদি ফেসবুকসহ কোনো পদ্ধতিতে প্রকাশ বা প্রচারণা চালানোর বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। সরকারের সাফল্যকে ম্লান করার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে একটি মহল সক্রিয় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।