প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে শুধু ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে জানায়, ফাঁস হওয়া দুই সেট প্রশ্নপত্র তাঁদের কাছে আসে। পরে সেগুলো মিলিয়ে দেখা যায় মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। এ জন্য এই প্রশ্নপত্রে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিভিন্ন মহল থেকে গতকাল সারা দিনই অভিযোগ আসতে থাকে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম আলোর কাছেও এ ধরনের খুদে বার্তা আসে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছেও বিষয়টি যায়। পরে পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত হয়।
অভিযোগ আছে, এর আগের পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিশেষ করে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এর আগে গত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। যদিও তদন্ত করে ঢাকা বোর্ড প্রমাণ পায়নি বলে জানিয়েছিল। পাশাপাশি গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা বাতিল করা হয়নি। তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্তেও বিষয়টি প্রমাণিত হয়েছিল।