প্রশ্ন ফাঁস: পিএসএসি কর্মচারীর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) চতুর্থ শ্রেণির কর্মচারী মাজেদুল ইসলাম (৩৬) আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, লালমনিরহাটে গত ১৮ এপ্রিল সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের অভিযোগে দায়ের করা মামলার আসামি মাজেদুল। ঘটনার দিন আলমগীর জাহিদ নামের এক পরীক্ষার্থীকে ফোনসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আলমগীরের ফোনে পিএসসির কর্মচারী মাজেদুলের ফোন থেকে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মনসুর আলী সরকার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে মাজেদুলকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ফাঁসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন তিনি। আজ সকালে তাঁকে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবির শিপনের আদালতে হাজির করা হয়।

ওসি জানান, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মাজেদুল স্বীকার করেন আলমগীর জাহিদসহ ১০ জনের বেশি পরীক্ষার্থীর কাছে খুদে বার্তার মাধ্যমে প্রশ্ন ও উত্তর সরবরাহ করেছেন তিনি। এ কাজে একটি চক্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন। পরীক্ষার্থী জাহিদ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জানতে পেরে প্রশ্ন ফাঁসে ব্যবহূত নিজের দুটি সিম কার্ড নষ্ট করে ফেলেন মাজেদুল।