প্রশ্ন ফাঁস বন্ধের দাবিতে ১৪ জুন মানববন্ধন
প্রশ্নপত্র ফাঁস ও সব ধরনের কোচিং-বাণিজ্য বন্ধ করাসহ কয়েকটি দাবিতে ১৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ জুনের মধ্যে এসবের প্রতিকার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জিয়াউর কবির বলেন, প্রশ্ন ফাঁস, খাতা মূল্যায়নে দুর্বলতা ও শিথিলতার কারণে সারা দেশে এখন জিপিএ-৫-এর ছড়াছড়ি৷ কিন্তু এত ভালো ফল করেও হাজার হাজার শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দু-তিন বছর ধরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে৷
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করলেও শিক্ষকেরা এই নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে কোচিং-বাণিজ্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। তদারক কমিটি অকার্যকর হয়ে পড়েছে৷ তাই কোচিং-বাণিজ্য নীতিমালা সংশোধন করে শিক্ষানুরাগী সরকারি কর্মকর্তা ও অভিভাবকদের সমন্বয়ে তদারক কমিটি পুনর্গঠন করতে হবে৷ একই সঙ্গে মনিটরিং কমিটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিতে হবে।
সংবাদ সম্মেলনে ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়াসহ আরও কয়েকজন অভিভাবক নেতা উপস্থিত ছিলেন।