
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ আয়োজিত ‘কোন পথে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তাঁরা এ দাবি করেন।
আলোচনায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো ছাত্র অধিকার রক্ষায় ডাকসুসহ সব ছাত্র সংসদ কার্যকর করতে হবে। দেশ ও জাতিকে মেধাহীন হওয়া থেকে রক্ষা করতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা কার্যকর করতে হবে। শিক্ষাঙ্গনে ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার সুযোগ অবারিত রাখতে হবে। শিক্ষাঙ্গনে সর্বোচ্চ বাজেট ঘোষণা করতে হবে।
গোলটেবিল আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। সুতরাং একটা ভালো তদন্ত না করে বলা যাবে না, প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া দুর্ভাগ্যজনক। তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার পক্ষে অভিমত দেন।
আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ছাত্রদের দাবি নিয়ে সরকারকে আলোচনা করতে হবে। তাঁদের ব্যাপারে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, দেশে এমন পরিবেশ থাকা উচিত যেখানে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে কথা বললে তা গ্রহণযোগ্য হবে। রাষ্ট্রপতির একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাজনীতি সত্যিই ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। দেশের স্বার্থেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে রাজনীতি পুরোপুরি ব্যবসায়ীদের হাতে চলে যাবে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের একবারের বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া অন্যায় এবং মানবাধিকারের পরিপন্থী।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শিক্ষাব্যবস্থা থেকে প্রশাসন পর্যন্ত সবকিছু খোলনলচে পাল্টাতে হবে। তিনি ’৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে এখন ক্ষমতাকেন্দ্রিক বৈষম্য চলছে। যারা সরকারের পদসেবা করবে তারা পরীক্ষার আগেই প্রশ্নপত্র পাবে, চাকরি পাবে। আর যারা বিরোধী দল বা নিরপেক্ষ থাকবে তারা বঞ্চিত হবে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। যদি তাই হয়, তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো কেন? তিনি বলেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। এভাবে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হলে দেশ মেধাশূন্য হয়ে যাবে।
ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রুহুর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যক্ষ আশরাফ কামাল এবং ছাত্রছাত্রীদের মধ্যে তানভীর আহমেদ, মাহিয়া, আরিয়ান আহমেদ, সালমান খান প্রমুখ।