অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা কমিটিকে। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে (এমআইএস) পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পরীক্ষার ফল প্রস্তুত করে পরীক্ষার্থীরা কী পরিমাণ নম্বর পেয়েছেন, সে বিষয়টি দেখতে বলা হয়েছে। এসব তথ্যের পরিপ্রেক্ষিতে ৭ জুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
কয়েকজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষায় প্রশ্নের একটি মাত্র সেট ছিল। এর ফলে হলে পরীক্ষার্থীরা একে অন্যের উত্তর দেখে পরীক্ষা দিয়েছেন সহজে। তাঁরা বলেন, এর আগেও অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগের পরীক্ষায় নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হয়েছে। কিন্তু এবার শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের পাঁচজন শিক্ষক পরীক্ষার প্রশ্ন তৈরিসহ পুরো পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা হলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, বিভাগের শিক্ষক অধ্যাপক হাসিবুর রশীদ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হেনা রেজা হাসান, বিভাগের শিক্ষক অধ্যাপক এস এম মাহফুজুর রহমান এবং অধ্যাপক আবু হোসেন সিদ্দিক।
সূত্র জানায়, প্রশ্নপত্র ছাপার দায়িত্ব দেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের জাপান-বাংলাদেশ সেফটি প্রেসকে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পরীক্ষা কমিটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের একজন এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের একজন শিক্ষক প্রশ্ন নিয়ে ওই ছাপাখানায় যান। সেখানে তাঁরা প্রশ্ন ছাপার কাজ শেষ করে পরদিন বিকেলে ফেরেন। ছাপাখানা থেকে প্রশ্ন গতকাল সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। পরে সেখান থেকে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু ফাঁস হওয়া প্রশ্ন গতকাল সকাল নয়টা থেকে ১১টার মধ্যে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যায়, সেহেতু তিন জায়গা থেকে এ প্রশ্ন ফাঁস হতে পারে।
প্রথমত, চূড়ান্ত প্রশ্ন তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের কাছ থেকে, দ্বিতীয়ত ছাপাখানা থেকে, তৃতীয়ত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর কোনো কর্মকর্তা বা কর্মচারী এটি ফাঁস করতে পারেন।
এ বিষয়ে পরীক্ষা কমিটির সদস্য হাসিবুর রশীদ বলেন, এর আগেও এক সেট প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিতে খরচ কমাতে চায় বলে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। প্রশ্ন ফাঁসের পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।