প্রশ্ন ফাঁসের অভিযোগে ফরিদপুরে একজন গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার গণিত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফরিদপুরে গত মঙ্গলবার রাতে এক ফটোকপির দোকানিকে আটক করা হয়েছে৷ গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে৷ গতকাল ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়৷

মঙ্গলবার রাতে আবুল হাসানের (২৪) ফটোকপির দোকান থেকে জব্দ করা প্রশ্ন ও উত্তর-সংবলিত আট পৃষ্ঠা কাগজ রাতেই ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে পাঠানো হয়৷ এর পরিপ্রে​ক্ষিতে রাতে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ গতকাল কোন সেটে পরীক্ষা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়৷

ফরিদপুর থেকে কাগজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, কোন সেটে ওই পরীক্ষা নেওয়া হবে তা রাতে ঠিক করা হয়৷ তিনটি সেটের মধ্যে গতকাল ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়৷

এর আগে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের প্রথম খবর এসেছিল ফরিদপুর থেকে৷ পরে ওই পরীক্ষা স্থগিত করা হয়৷

ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে জেলার নির্বাহী হাকিম মামুন শিবলী শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার নামবিহীন একটি ফটোকপির দোকানে তল্লাশি চালান৷ ওই দোকান থেকে এইচএসসির গণিত দ্বিতীয় পত্রের নামে প্রশ্ন ও উত্তর-সংবলিত আট পাতা কাগজ জব্দ করা হয়৷ দোকানটির মালিক আবুল হাসানকে আটক করে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়৷ পরে জব্দ করা ওই সব কাগজ ফ্যাক্স করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানো হয়৷ রাত ১২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে জানান, অন্য সেটে পরীক্ষা হবে৷

ফরিদপুরের জেলা প্রশাসক ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন৷

ফরিদপুর কোতোয়ালি থানা সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আবুল হাসানের বিরুদ্ধে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রফিকুল আলম মামলা করেন৷

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান জানান, ওই মামলায় আবুল হাসানকে বিকেলে ১ নম্বর আমলি আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়৷ অাদালত রিমান্ডের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করে হাসানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন৷