প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ৭ অক্টোবর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং ৪ নভেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস বিষয়ে গুজব ছড়ানোর উদ্যোগ শনাক্ত করার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনাক্ত করা ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন কেন্দ্রে প্রশ্নপত্র নেওয়ার ব্যাপারেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও প্রশ্নপত্রের বাক্স খোলার চেষ্টা করলে বা প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করলেও তা ধরা পড়বে বলে সাংবাদিকদের বলা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কঠিন নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোচিং সেন্টারের নামে যারা জাল-জালিয়াতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত-শিবির পরিচালিত কোচিং সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ তাঁর কাছে আছে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।