প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির পিয়নের স্বীকারোক্তি
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকমিশনের (পিএসসি) পিয়ন মাজেদুল ইসলাম (৩৬) গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার ভোরে লালমনিরহাট সদর থানার পুলিশ মাজেদুল ইসলামকে কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। থানার পুলিশের জিজ্ঞাসাবাদে মাজেদুল ইসলাম প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে গতকাল সকালে তাঁকে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবিরের আদালতে পাঠানো হয়।
মাজেদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি বলেন, ‘আমার দুই সহযোগী ঠাকুরগাঁওয়ের মোতাহার হোসেন এবং রংপুরের বদরগঞ্জের মিঠুর সহযোগিতায় মুঠোফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর পরীক্ষার্থী আলমগীর জাহিদসহ ১০ জনের বেশি পরীক্ষার্থীকে সরবরাহ করি। এ ঘটনার সঙ্গে দেলোয়ার, আলমাছ ও মাহমুদের সিন্ডিকেট জড়িত বলে আমি জানি।’ আদালতে তিনি আরও বলেন, ‘১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার দিন পরীক্ষার্থী আলমগীর জাহিদকে পুলিশ গ্রেপ্তার করেছে জানতে পেরে আমার ব্যবহৃত মুঠোফোনের সিম দুটি (০১৭৭৯১১২২৬৯ ও ০১৭৮৬৯২১৯৫৪) নষ্ট করে ফেলি।’
লালমনিরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, চলতি বছরের ১৮ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন ও উত্তর অর্থের বিনিময়ে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে লালমনিরহাট জেলার পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয়েছে ডিবি এমন সংবাদ পেয়ে পরীক্ষা শুরুর আগে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে পরীক্ষার্থী আলমগীর জাহিদকে (২৭) আটক ও তাঁর মুঠোফোন জব্দ করে। আলমগীর জাহিদ কালীগঞ্জ উপজেলার চরবৈরাতি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই দিনই সদর থানায় একটি মামলা করা হয়। মামলার এজাহারে আলমগীর জাহিদের ভাষ্য অনুযায়ী মাজেদুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। ২৬ এপ্রিল একই আদালতে আলমগীর জাহিদও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী সরকার বলেন, এ মামলায় গ্রেপ্তার দুই আসামি আলমগীর জাহিদ ও মাজেদুল ইসলামের কাছ থেকে পাওয়া তথ্য এবং এজাহারের আলোকে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।