প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে রেহাই নেই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে তাদের রেহাই দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, এবার বিজি প্রেসের দিকে জোর দেওয়া হচ্ছে বেশি। সেখানে যাঁরা দুষ্ট লোক, তাঁদের প্রতি হুঁশিয়ারি, এবার তাঁরা রেহাই পাবেন না। তাঁদের স্বজনদেরও চোখে চোখে রাখা হচ্ছে। তাঁদের বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা সবাইকেই পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় তদারক কমিটির দ্বিতীয় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। কমিটি এসএসসি পরীক্ষাবিষয়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার কিছু লোককে চিহ্নিত করা হয়েছে, তাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া ফেসবুকে যাতে কেউ এ ধরনের বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের একটাই কথা, এবার আর কেউ এ ধরনের অপরাধ করে রেহাই পাবে না।’
জাতীয় তদারক কমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।