প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি
বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন লেখক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমীন হক। তাঁদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা রয়েছেন।
আজ শুক্রবার সকাল আটটার দিকে শহীদ মিনারে অবস্থান নেন মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক। পরে তাঁদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃষ্টিতে ভিজেই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
‘প্রশ্ন ফাঁস মানি না, মানব না’, ‘ছেলেমেয়েদের স্বপ্ন ধ্বংস হতে দেব না’, ‘একেকটি প্রশ্ন ফাঁস মানে একেকটি স্বপ্নের মৃত্যু’, ‘প্রশ্ন ফাঁসের দায় সরকারকে নিতে হবে’ এসব প্ল্যাকার্ড হাতে নিয়ে, গান গেয়ে, আবৃত্তি করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অবস্থান কর্মসূচিতে লেখক ও সাংবাদিক আনিসুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ উপস্থিত আছেন।