প্রশ্ন শিক্ষার মান নিয়ে ঠেকাতে হবে প্রশ্ন ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল হলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের কয়েকজন শিক্ষাবিদ৷ তাঁরা বলেছেন, পরীক্ষার খাতায় এখন উদারভাবে নম্বর দেওয়া হয়। তাঁরা সবার আগে শিক্ষার গুণগত মানের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার মতবিনিময় সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়৷ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আমন্ত্রণে ৫০ জনেরও বেশি শিক্ষাবিদ সভায় যোগ দেন। তাঁরা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
পরীক্ষাপদ্ধতি সংস্কারের পরামর্শ দিয়ে শিক্ষাবিদেরা বলেন, পঞ্চম শ্রেণির আগে কোনো পরীক্ষাই নেওয়া উচিত নয়। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) উঠিয়ে দেওয়ার পরামর্শ দেন তাঁরা৷
সভায় নতুন করে বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি বিদেিশ বিশ্ববিদ্যালয়ের শাখা ও স্টাডি সেন্টার খোলার অনুমতি দেওয়ার সমালোচনা করেন কেউ কেউ৷ শিক্ষায় ঘুষ-দুর্নীতি ও নানা সিন্ডিকেট হওয়ার কথাও তুলে ধরেন কেউ কেউ৷
রুদ্ধদ্বার ওই সভায় সাংবাদিকদের থাকতে দেওয়া হয়নি। পরে সভায় অংশগ্রহণকারী একাধিক শিক্ষাবিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে প্রশ্নের জবাবে বলেন, তাঁদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
জানতে চাইলে সভায় অংশগ্রহণকারীদের একজন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সভায় শিক্ষার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, পরীক্ষায় পাসের হার বেড়ে যাওয়া, মাদ্রাসাশিক্ষা, পরীক্ষাপদ্ধতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তি চান: সভায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শুধু প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করেন। তিনি সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নানা দিক তুলে ধরেন। ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর শাস্তির বিধান করে আইন করা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে একজন শিক্ষাবিদ বলেন, সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে একটি আইন আছে। প্রয়োজনে প্রস্তাবিত শিক্ষা আইনে বিষয়টি যুক্ত করা কিংবা নতুন করে আইন করা হতে পারে। তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র হয় অ্যানালগে, আর অপরাধীরা চলে গেছে ডিজিটালে। তাই যুগের সঙ্গে সংগতি রেখে প্রশ্নপত্র প্রণয়নের ব্যবস্থা করা হবে। গতানুগতিক পদ্ধতিতে প্রশ্ন নিরাপদ রাখা সম্ভব নয়।’
মান নিয়ে প্রশ্ন: সভায় শিক্ষার মানের ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে। একজন প্রবীণ শিক্ষাবিদ বলেন, বর্তমানে উদারভাবে নম্বর দিয়ে পাসের হার বাড়ানো হচ্ছে। এখন জিপিএ-৫-এর উৎসব হয়, অথচ এদের অনেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারে না। তিনি প্রশ্ন করেন, সবাই যদি পাস করে, তাহলে আর পরীক্ষার দরকার কী?
সভা থেকে বের হয়ে আসার সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, সভায় শিক্ষার মান বাড়ানোই ছিল প্রধান আলোচনা।
কী কথা বলেছিলেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, ‘সাফল্য আছে এটা ঠিক, তবে মান তো পাচ্ছি না। বাংলা ও ইংরেজিতে শিক্ষার্থীরা খুবই দুর্বল। আমরা শুনেছি, পরীক্ষায় ভুল করলেও নম্বর দেওয়া হয়। এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’
শিক্ষার মানের বিষয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষায় সংখ্যাগত দিক দিয়ে এগিয়েছি, এখন গুণগত দিকে এগোতে হবে।’
পরীক্ষা কমিয়ে সংস্কার: সভায় বিদ্যমান পরীক্ষাব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরা হয়। রাশেদা কে চৌধূরী জানান, পরীক্ষাপদ্ধতির সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। শিল্পী হাশেম খান পঞ্চম শ্রেণির আগে কোনো পরীক্ষা না রাখার পরামর্শ দেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, শিশুরা যেন আনন্দ নিয়ে পড়তে পারে, কোনো ভীতি না থাকে, সে জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে৷
অধ্যাপক মুনতাসীর মামুন পঞ্চম শ্রেণিতে পরীক্ষা হওয়ার পর আর জেএসসি পরীক্ষা নেওয়া দরকার নেই বলে মত দিয়েছেন। একই সঙ্গে গ্রেড পদ্ধতি পুনর্ভাবনার দরকার বলেও পরামর্শ দেন তিনি।
বেসরকারি মেডিকেল-বিশ্ববিদ্যালয় আর নয়: বর্তমানে দেশে ৭৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৫৪টি বেসরকারি মেডিকেল রয়েছে। সভায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যার কথা উঠে আসে। সভায় বলা হয়, বর্তমানে বেশ কিছুসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিক্রি করে বলে অভিযোগ আছে। আছে প্রতারণার অভিযোগ। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ব্যবহারিক শিক্ষার অবস্থা নাজুক। ফলে ওই সব মেডিকেল কলেজ থেকে ভালো মানের চিকিৎসক বের হচ্ছেন না। এই অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত নতুন করে আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দেওয়ার পরামর্শ দেন। এই পর্যায়ে তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসা যখন পণ্য হয়ে যায়, তখন আর গুণগত মান থাকে না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম শিক্ষানীতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা পৌনে ১১টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় বেলা দুইটার কিছু পর। সভায় অংশগ্রহণকারী শিক্ষাবিদদের মধ্যে ছিলেন রেহমান সোবহান, সালাউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম, আবদুল্লাহ আবু সায়ীদ, এ কে আজাদ চৌধুরী, অনুপম সেন, সৈয়দ মনজুরুল ইসলাম, এম এম আকাশ, ফারজানা ইসলাম প্রমুখ।