প্রশ্ন হওয়া উচিত, গণতন্ত্র কি উন্নয়নের পথে বাধা তৈরি করছে?
গণতন্ত্র দেশের সার্বিক উন্নয়নের একটি অংশ। উন্নয়নের স্বার্থে গণতন্ত্রের ঘাটতি মেনে নেওয়া উচিত কি না, এ প্রশ্নের বদলে প্রশ্ন হওয়া উচিত, গণতন্ত্র কি উন্নয়নের পথে বাধা তৈরি করছে?
আজ শনিবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) দ্বিতীয় দ্বিবার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাজ্যের উলস্টার ইউনিভার্সিটির উন্নয়ন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী। সানেমের দুই দিনের সম্মেলনটি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
এতে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধের একটি উপস্থাপন করেন সিদ্দিকুর রহমান ওসমানী। তিনি বলেন, উন্নতি করছে এমন একটি দেশে যখন গণতান্ত্রিক অধিকার খানিকটা কেটে নেওয়া হয়, তখন দুই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। প্রথম প্রতিক্রিয়া হলো, কাজটি ঠিক হয়নি। অন্য পক্ষ বলে, গণতান্ত্রিক অধিকার কিছুটা ক্ষুণ্ন হলেও এতে অর্থনৈতিক উন্নয়ন গতি পেতে পারে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি এ প্রশ্নটির পরিবর্তন হওয়া দরকার। প্রশ্নটি হওয়া দরকার এমন যে গণতন্ত্র কি উন্নতির পথে বাধা তৈরি করছে?’
উন্নতি কেবল আর্থিক দিকের মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করে সিদ্দিকুর রহমান ওসমানী বলেন, উন্নতি বলতে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ও নাগরিক অধিকারও বোঝায়। এদিক দিয়ে গণতন্ত্র উন্নয়নের একটি অংশ। যদি গণতন্ত্র থাকে, তাহলে তা উন্নয়নের একটি ধরনকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের পথেও বাধা তৈরি করে না।
এখন অনেকে বলতে পারেন, উন্নয়নের জন্য গণতন্ত্র দরকার নেই। প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো, স্বৈরশাসন কি গণতন্ত্রের চেয়ে ভালো। এ পর্যায়ে নানা তাত্ত্বিক বিতর্ক তুলে ধরে এ অধ্যাপক বলেন, ‘তত্ত্বের জায়গায় এটা মনে করার কোনো কারণ নেই যে উন্নয়নের ক্ষেত্রে স্বৈরাচার গণতন্ত্রের চেয়ে ভালো। একইভাবে গণতন্ত্র উন্নয়নের পথে বাধাও তৈরি করে না।’ তিনি আরও বলেন, সাম্প্রতিক গবেষণা বলছে, গণতন্ত্র উন্নয়নের ক্ষেত্রে ভালো করে। প্রবৃদ্ধিও গণতান্ত্রিক দেশে ভালো হয়।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সানেমের চেয়ারম্যান বজলুল হক খন্দকার। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ডেভিড হিউম বক্তব্য দেন।