প্রশ্নটি কাঁটার মতো বিঁধে আছে মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দন সরকার
চন্দন সরকার

লোহার ফটক খুলে দিলেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ফায়েকুজ্জামান। সঙ্গে পাঁচ পুলিশ নিয়ে ৫ মে থেকে তাঁরা জালকুড়িতে আইনজীবী চন্দন সরকারের বাড়ি পাহারা দিচ্ছেন। নিহত আইনজীবীর বড় মেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক সেঁজুতি সরকার জানালেন, তাঁরা পুলিশ চাননি।
দোতলা বাড়ির নিচের তলার একটি ঘরে আপাতত অস্থায়ী পুলিশের ডেরা। কত দিন থাকবে? ফায়েকুজ্জামান বললেন, ‘তা আমরা জানি না। ওপরের নির্দেশে ডিউটি চলছে। আবার ওপরের নির্দেশে হলে চলে যাব।’
বাড়ির কাজ শেষ হয়নি। বছর দুয়েক আগে শুরু করা, পাঁচতলার ভিত দিয়ে। নিচে খানিকটা খোলা জায়গায় বেতের সোফা পাতা। সেখানে বসেই বাবাকে নিয়ে টুকরাটাকরা কিছু কথা বললেন সেঁজুতি। তাঁরা চার বোন। দ্বিতীয় সুস্মিতা সরকারও চিকিৎসক। তৃতীয় স্বাতি সরকার। এই দুই বোনের পরপর বিয়ে হয়েছে অল্প কিছু দিন হলো। গত ডিসেম্বরে সুস্মিতার, এ বছর মার্চে স্বাতির। স্বাতি আইন পড়ছেন। পরীক্ষা চলছে। সবার ছোট সপ্তর্ষি সরকারের ‘এ’ লেভেল পরীক্ষাও শুরু হচ্ছে। তাই শোক চেপে পাঠে মন দিতে হয়েছে তাঁদের।
সেঁজুতি জানালেন, তাঁদের মা অর্চনা সরকার ভুগছেন উচ্চরক্তচাপ আর ডায়াবেটিসে। অকস্মাৎ স্বামী হারিয়ে বলতে গেলে শয্যাশায়ী৷ ফলে গত সোমবার দুপুরে সেঁজুতি সরকার বলছিলেন, ওঁদের কারও কথা বলার মতো অবস্থা নেই।
জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠী। মাস খানেক আগে কলকাতা গিয়েছিলেন চন্দন সরকার। জামাইদের উপহার দেওয়ার জন্য পোশাক-আশাক কিনেছেন। সেঁজুতি সরকার জানালেন, ঘরে দুই নতুন জামাই। এবার বেশ আনন্দ করে জামাইষষ্ঠী করার ইচ্ছে ছিল তাঁর বাবার। তা আর হলো না। বাড়িতে এখন বিষাদের ছায়া।
খুব শৌখিন, রুচিশীল মানুষ ছিলেন চন্দন সরকার। সাহিত্যচর্চা করতেন। প্রতি রাতে এক পাতা ডায়েরি লেখা ছিল বহুদিনের অভ্যাস। কবিতার বই প্রকাশিত হয়েছে দুটি। ডায়েরিগুলো থেকে তথ্য নিয়ে লিখেছেন আত্মজীবনী। সেটির মুদ্রণের কাজ চলছে। বইটিও দেখে যেতে পারলেন না তিনি। তাঁর অপূর্ণ সাধগুলোই এখন পোড়াচ্ছে স্বজনদের অন্তর।
কেন এই নির্বিরোধ মানুষটিকে এমন নির্মম পরিণতির শিকার হতে হলো, সেটিই ভেবে উঠতে পারছে না চন্দন সরকারের পরিবার। যদি তিনি ফিরে আসতে পারতেন, তবে হয়তো জানা যেত কেন তাঁকে অপহরণ করা হয়েছিল। তা তো আর সম্ভব না। হয়তো চিরকাল অজানাই থেকে যাবে আর প্রশ্নটি কাঁটার মতো খোঁচাবে সময়ে-অসময়ে।