প্রশ্নপত্র জালিয়াতিসহ অনিয়মকে 'প্রশাসনিক বৈধতা'র প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞতার ভুয়া সনদ, স্বাক্ষর, প্রশ্নপত্র জালিয়াতিসহ প্রশাসনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম বিভিন্ন অনিয়মকে প্রশাসনিক বৈধতা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। আখতারুল ইসলাম বলেন, গত বছর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের বিরুদ্ধে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগ ওঠে। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল হকের বিরুদ্ধে অভিজ্ঞতার ভুয়া সনদ দেখিয়ে পদোন্নতির অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম হচ্ছে। শুরু থেকেই এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেন এ শিক্ষকেরা। কিন্তু সিন্ডিকেটের ১৭৯তম সভায় হিমাদ্রী শেখর রায়কে সতর্ক করা হয়। জহিরুল হকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাঁকে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষকেরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিরা এসব অনিয়মকে বৈধতা দিচ্ছেন।
বেলা একটা পর্যন্ত প্রতীকী অবস্থান চলে। অধ্যাপক আখতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র জালিয়াতির মতো গুরুতর ঘটনাকে চরম অপরাধ হিসেবে চিহ্নিত না করে বিষয়টিকে প্রশাসনিক বৈধতা দেওয়া হয়েছে। এটা ভবিষ্যতের শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য মঙ্গলজনক নয়। জালিয়াতিসহ অনিয়মগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে, যাতে ভবিষ্যতে এসব অপরাধ করতে কেউ সাহস না পায়। বিশ্ববিদ্যালয় দুর্নীতি ও অনিয়মমুক্ত হবে—এটাই আমাদের প্রত্যাশা।’
জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘ওই ঘটনাগুলোতে তদন্ত কমিটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেনি। তাই আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি।’
ছাত্রলীগের নেতা, সাংবাদিক বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সঞ্চারকলিপি: এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম করে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া, ছাত্রলীগের নেতা ও প্রগতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন অভিযোগ এনে প্রগতিশীল শক্তিকে দুর্বল করার পাঁয়তারা চলছে উল্লেখ করে গতকাল বিকেলে তিন দফা দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। দাবিগুলো হলো, মেধার মানদণ্ডে নিয়োগ প্রদান ও নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছকরণ, ছাত্রলীগের নেতা ও প্রগতিশীল সাংবাদিকদের বিরুদ্ধে সব ধরনের অবৈধ শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলাকারী শিবির ক্যাডারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।