প্রশ্নপত্র দেওয়ার কথা বলে টাকা দাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ওই প্রশ্নপত্র দেওয়ার কথা বলে একটি চক্র পরিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন স্থান থেকে অভিভাবকেরা ফোন করে এ ধরনের অভিযোগ করেছেন। আজ শুক্রবার সারা দেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সম্প্রতি একটি চক্রের সদস্যরা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছেন। পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে তাঁরা মোটা অঙ্কের টাকা দাবি করছেন। অনেকেই তাঁদের দাবি করা টাকা দিচ্ছেন। তবে কেউ এ ধরনের প্রশ্নপত্র পেয়েছেন কি না, তা গতকাল রাত আটটা পর্যন্ত জানা সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর উপজেলা থেকে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি মুঠোফোনে বলেন, তাঁর মেয়ে এবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। দুই দিন আগে তাঁর মুঠোফোনে এক ব্যক্তি নিজেকে মেডিকেল কলেজের পুরোনো ছাত্র পরিচয় দিয়ে দুই লাখ টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রস্তাব দেন। অগ্রিম ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, মুঠোফোনে প্রশ্ন ও উত্তর সরবরাহের প্রতিশ্রুতি পেয়ে এক ব্যক্তিকে তিনি ল্যাপটপ বিক্রি করে ৩০ হাজার টাকা দিয়েছেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এবার সবাইকে সতর্ক করা হয়েছে।