প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র তৈরির দায়ে দুজনের দণ্ড
সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে জি এম আজমীর হোসেন (২৮) নামের এক পরীক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যশোরে ভুয়া প্রশ্নপত্র তৈরির দায়ে সোহেল রানা (১৭) নামের এক কিশোরকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গতকাল সকালে পরীক্ষা চলাকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে সাতক্ষীরার নির্বাহী হাকিম পিন্টু ব্যাপারী হাতে লেখা একটি উত্তরপত্রসহ পরীক্ষার্থী জি এম আজমীর হোসেনকে আটক করেন। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, উত্তরপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের প্রায় সব প্রশ্নের মিল রয়েছে। এ সময় তাঁকে দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরির দায়ে সোহেল রানা নামের এক কিশোরকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেওয়া হয়। সোহেল রানার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার হাতে লেখা এক সেট প্রশ্নপত্রসহ সোহেলকে আটক করা হয়। পরে সাজা দিয়ে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।