প্রশ্নপত্র ফাঁস করায় তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফটোকপি করে বিক্রি করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক তরুণকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি দাখিল ও আলিম মাদ্রাসায় ২০১২ সালের দাখিল ও জেডিসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছে। এ অবস্থায় রাঙ্গাবালী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো.কাওছার তার কয়েকজন সঙ্গীকে নিয়ে মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালীর কাছিয়াবুনিয়া পুল বাজারের একটি ফটোকপির দোকানে ১৯টি বিষয়ের প্রশ্নপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করছিল। এ সময় অভিভাবকেরা কাওছারকে ফাঁস করা প্রশ্নপত্রসহ আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। কাওছার আদালতের কাছে অপরাধ স্বীকার করায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনা শ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।