প্রশ্নপত্র ফাঁস করায় প্রধান শিক্ষকসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অপরাধে সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সদর উপজেলার চরভাবনা গ্রামের মো. ইয়াকুব আলী (৪৩) ও নলবাইদ গ্রামের লাল মিয়া (৩২)।
আদালত ইয়াকুব আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং লাল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অন্য দুই আসামি আয়েশা খাতুন (২৫) ও তাঁর বোন রাবেয়া সুলতানা শম্পাকে (২৩) খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে ২০১২ সালের ২৯ জুন অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস করে তৎকালীন প্রধান শিক্ষক ইয়াকুব আলী আয়েশা খাতুনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এ কাজে আয়েশাকে সহযোগিতা করেন তাঁর স্বামী লাল মিয়া ও ছোট বোন রাবেয়া সুলতানা। ইয়াকুব আলীর সহায়তায় লাল মিয়া তাঁর স্ত্রী আয়েশার পরীক্ষার খাতা জি কে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে বাইরে নিয়ে আসেন। পরে বিদ্যালয়সংলগ্ন মাধবপুর এলাকার জনৈক আবদুল হাইয়ের বাড়িতে ওই খাতা এনে প্রশ্নের উত্তর লিখে দেন আয়েশার ছোট বোন রাবেয়া সুলতানা।
বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ আবদুল হাইয়ের বাড়িতে অভিযান চালান এবং প্রশ্ন, উত্তরপত্রসহ লাল মিয়া ও রাবেয়া সুলতানাকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াকুব আলী ও আয়েশা খাতুনকেও পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ২৩ অক্টোবর ইয়াকুব আলী, লাল মিয়া, আয়েশা খাতুন ও রাবেয়া সুলতানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।