প্রশ্নপত্র ফাঁস: তিনজন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের মামলায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার অপর দুই আসামি হলেন রেজাউল করিম ও ঈশান ইমতিয়াজ হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার এসআই আহাদ আলী আজ তিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে এই তিনজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আদালতে আসামিদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন।
গত শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার দিনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয় থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। ওই দিন রাতেই ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।