প্রশ্নপত্র ফাঁস বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার দাবিতে নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে নোয়াখালী শিশু-কিশোর মেলা ও বিজ্ঞানচর্চা কেন্দ্র জেলা কমিটি শহরের টাউনহল মোড়ে এ কর্মসূচি আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শিশু-কিশোর মেলা ও বিজ্ঞানচর্চা কেন্দ্রের আহ্বানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাউনহল মোড়ে জড়ো হতে থাকে। বেলা ১১টার সময় সংগঠনের সদস্য ও উপস্থিত শিক্ষার্থীরা সেখানে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন৷
সমাবেশে সভাপতিত্ব করেন বিজ্ঞানচর্চা কেন্দ্রের জেলা শাখার সভাপতি কাজী জহির উদ্দিন। বক্তৃতা করেন ছাত্রফ্রন্টের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রিতম সরকার, শিক্ষক মো. গোলাম মোস্তফা, মুশফিকুর রহমান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন প্রমুখ৷
বক্তারা অভিযোগ করেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যেই সরকার প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাই অবলিম্বে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও আমলাতান্ত্রিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা চালু, প্রশ্নপত্র ফাঁস বন্ধ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।