প্রশ্নপত্র ফাঁস বন্ধে ১৪ জুন প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁস বন্ধ, সব ধরনের কোচিং-বাণিজ্য বন্ধ করাসহ কয়েকটি দাবিতে ১৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে অভিভাবক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনে সংগঠনটির সভাপতি জিয়াউর কবির বলেন, প্রশ্ন ফাঁস, খাতা মূল্যায়নে দুর্বলতা ও শিথিলতার কারণে সারা দেশে এখন জিপিএ-৫-এর ছড়াছড়ি। কিন্তু এত ভালো ফল করেও হাজার হাজার শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হতে পারে না। শিক্ষার গুণগত মান না বাড়িয়ে এভাবে পাসের হার বাড়ালে এসব শিক্ষার্থী একসময় পরিবার ও সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। তাই শিক্ষার গুণগত মানের দিকে জোর দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করলেও শিক্ষকেরা এই নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে কোচিং-বাণিজ্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। তদারক কমিটি অকার্যকর হয়ে পড়েছে। তাই কোচিং-বাণিজ্য নীতিমালা সংশোধন করে শিক্ষানুরাগী সরকারি কর্মকর্তা ও অভিভাবকদের সমন্বয়ে তদারক কমিটির পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে মনিটরিং কমিটিকে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা দিতে হবে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উল্লেখ করে বলা হয়, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দু-তিন বছর ধরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে।