
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আইন করে শাস্তি কঠোর করার পাশাপাশি তথ্য-প্রযুক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার দেশের শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষাবিদেরা। সেখানে তাঁরা বিভিন্ন পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
মতবিনিময় সভায় ৫০ জনের বেশি শিক্ষাবিদ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রেহমান সোবহান, সালাউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এম এম আকাশ, মুনতাসীর মামুন প্রমুখ।
সাংবাদিকদের অধ্যাপক আনিসুজ্জামান জানান, এ সভায় শিক্ষাবিদদের পক্ষ থেকে শিক্ষার মান, প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা শিক্ষা, পরীক্ষাপদ্ধতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস রোধে আইটির ব্যবহার ও সাজাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া আর কোনো বেসরকারি মেডিকেল ও বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষাবিদেরা তথ্য-প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিতে বলেছেন। আমরাও মনে করি, গতানুগতিক পদ্ধতিতে প্রশ্ন নিরাপদ রাখা সম্ভব নয়। এ জন্য ডিজিটাল ব্যবস্থায় যেতে হবে।’
আইন প্রণয়ন বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বর্তমানে একটি আইন আছে। তবে প্রয়োজনে প্রস্তাবিত শিক্ষা আইনেও এটা অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনে নতুন আইনও করতে পারি।’
শিক্ষার মান নিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষায় সংখ্যাগত দিক থেকে আমরা এগিয়ে গেছি। এখন গুণগত শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। গুণগত শিক্ষা দেওয়াটাই হবে আমাদের বড় কাজ।’ তিনি বলেন, ‘মতামত আমরা পেয়েছি। এখন সেগুলো মূল্যায়ন করে কাজ করা হবে।’