প্রশ্নপত্র ফাঁসরোধে ব্যবস্থা নিতে পিএসসির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রশ্নপত্র ফাঁসরোধে স্থায়ীভাবে পদক্ষেপ নিতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার পিএসসির চেয়ারম্যান সা’দত হোসেনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘এমন ব্যবস্থা নিন, যাতে আর কখনো পরীক্ষার আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয়।’ বৈঠকে রাষ্ট্রপতির হাতে কমিশনের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেন ১৬ সদস্যের প্রতিনিধিদলের প্রধান সা’দত হোসেন।বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে পিএসসি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে সা’দত হোসেন বলেন, ‘প্রশ্নপত্র আর কখনোই ফাঁস হবে না।’রাষ্ট্রপতি ধৈর্য সহকারে প্রতিনিধিদলের কথা শোনেন এবং পিএসসিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ইউএনবি।