প্রশ্নপত্র ফাঁসে জড়িত চার তরুণের দণ্ড
নাটোরের সিংড়ায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অপরাধে দুই ফটোস্ট্যাট দোকানমালিকসহ চার তরুণকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন এই দণ্ড দেন।
সিংড়া থানার পুলিশ জানায়, সোমবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রির খবর ছড়িয়ে পড়লে ইউএনও সালমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ও থানার পুলিশ অভিযান চালায়। এ সময় দমদমা এলাকার কাঞ্চন স্টোর ও মাস্টার ডিজিটাল জোন নামের দুটি ফটোস্ট্যাটের দোকানে এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান প্রথমপত্রের উত্তরপত্র ফটোকপি করার সময় দোকানমালিক কাঞ্চন কুন্ডু (২২) ও আল মামুনকে (১৯) আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সিংড়া দমদমা কলেজ হোস্টেলে অভিযান চালালে সাইদ নামের এক তরুণ পালিয়ে যান।
মঙ্গলবার দুপুর ১২টায় দোকানমালিক কাঞ্চনকে ১২ হাজার ও আল মামুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।