প্রশ্নপত্র ফাঁসে রয়েছে শিক্ষকদের হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে আকৃষ্ট করতেই তাঁরা এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে জানা গেছে। সম্প্রতি অষ্টম শ্রেণীর মডেল টেস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের একটি সূত্র জানায়, গত ২৮ জুন অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে অষ্টম শ্রেণীর ছাত্রী সাবিনা ইয়াসমিন নকল করতে গিয়ে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে। শিক্ষকেরা মিলিয়ে দেখেন, হাতে লেখা নকল কপিটির পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল আছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয় এবং কীভাবে পরীক্ষার প্রশ্নপত্র তার হাতে গেল, তা খতিয়ে দেখতে বিদ্যালয়ের শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কয়েকজন শিক্ষক জানান, ওই ছাত্রী বিদ্যালয়েরই ইংরেজি শিক্ষক আকতারুজ্জামানের কাছে প্রাইভেট পড়ত। ১৫ জুলাই তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয় তাতে উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কে জড়িত তা তদন্তে উদ্ঘাটন করা যায়নি। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বলছেন, ‘ওই ছাত্রী আকতারুজ্জামানের কাছে প্রাইভেট পড়ত এবং তিনি ও অপর একজন শিক্ষক মিলে প্রশ্নপত্র তৈরি করেছেন। সে জন্য এ ঘটনায় আকতারুজ্জামানকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু তদন্ত প্রতিবেদনে কারও নাম না আসায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ অভিভাবক হারুন অর রশিদ বলেন, যেসব শিক্ষার্থী স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে, তাদের পরীক্ষার আগে সাজেশনের নামে প্রশ্নপত্র দিয়ে ভালো ফলাফল করানোর এমন প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে। জানতে চাইলে শিক্ষক আকতারুজ্জামান বলেন, ‘আমি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত নই। বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি আছে, তার সূত্র ধরে এসব করা হচ্ছে।’ বিদ্যালয়ের একটি সূত্র জানায়, চারজন শিক্ষক গত বছরের নভেম্বরে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছে ফাঁস করে দেন। ওই ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক স্বপন কুমার সরকার নিজেই বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। জেলা প্রশাসক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের চার সহকারী শিক্ষককে বদলি করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে সুপারিশ করে চিঠি দেন। বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম প্রথম আলোকে আরও বলেন, ‘বারবার এমন অভিযোগ উঠছে, এটা খুবই দুঃখজনক। কিন্তু এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে উল্টো আমি বেশ কয়েকবার হেনস্থা হয়েছি।’ তিনি নিজেও স্বীকার করেন, প্রাইভেট পড়ানোর প্রবণতা এখন অনৈতিকতার চরমে পৌঁছেছে।