প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার এ পরীক্ষা হয়।
এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বার্ড সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বার্ডে তৃতীয় শ্রেণির ছয়টি পদে এক ঘণ্টার নিয়োগ পরীক্ষা হয়। ওই পরীক্ষায় উচ্চমান সহকারী পদে ৪২, মহিলা স্বাস্থ্য পরিদর্শক পদে ১২, বাস সহকারী পদে আট, মহিলা সংগঠিকা পদে ১৬, জুনিয়র আর্টিস্ট পদে সাত ও বাইন্ডার পদে ছয়জন অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চমান সহকারী পদের পরীক্ষার্থী রাজশাহীর পুঠিয়া উপজেলার সুখপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির কাছে হাতে লেখা পুরো প্রশ্ন পাওয়া যায়। এ সময় নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা তাঁকে চ্যালেঞ্জ করেন। পরে তিনি প্রশ্ন পাওয়ার কথা স্বীকার করেন।
মোয়াজ্জেম হোসেন কোথা থেকে ওই প্রশ্ন পেয়েছেন, তা ঠিকমতো বলছেন না। একবার বলছেন, ঢাকার মিঠু নামের এক ব্যক্তির কাছ থেকে। আবার বলছেন, বার্ডের একজন কর্মচারীর কাছ থেকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন বার্ডের কর্মকর্তারা।
বার্ডের অন্তত পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী দাবি করেন, বার্ডের কর্মচারী ফারুক হোসেন ওই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এক মাস আগেও ফারুক প্রশ্নপত্র ফাঁস করে তাঁর এক চাচাতো বোনকে নিম্নমান সহকারী পদে চাকরি দেন। গতকালের ওই পরীক্ষার প্রশ্নপত্র তৈরির দায়িত্বে ছিলেন বার্ডের মহাপরিচালক।
এ ব্যাপারে কথা বলতে ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
জানতে চাইলে বার্ডের মহাপরিচালক (ডিজি) সালাউদ্দিন মাহমুদ গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পরপরই মোয়াজ্জেম হোসেন নামের এক প্রার্থীর কাছে হাতে লেখা প্রশ্ন পাওয়া যায়; যা গতকালের পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে গেছে। এ কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়।
এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন বার্ডের পরিচালক (গবেষণা) আনোয়ার জাহিদ। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রশ্নপত্র তৈরি করলেও আমার কাছ থেকে প্রশ্নপত্র খোয়া যায়নি।’