প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে গতকাল শনিবার র‌্যাব রাজশাহীর বাগমারায় একজন শিক্ষক ও পাঁচজন ছাত্রকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: দেউলা রাণীরিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, ছাত্র শরিফুল ইসলাম, রাকিব, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক ও মামুনুর রশিদ। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম জানান, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা শিক্ষক সমিতির সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গতকাল সব পরীক্ষা বাতিল করা হয়েছে। র‌্যাব বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মাহফিজুর রহমান জানান, র‌্যাবের একটি দল গতকাল অষ্টম ও দশম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ তাহেরপুর এলাকা থেকে সকালে শরিফুল ইসলাম নামের এক ছাত্রকে আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও চার ছাত্রকে আটক করা হয়। তারা সবাই প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহকারী দেউলা রাণীরিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদকে আটক করা হয়। আবদুল মজিদ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বাইরে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম বাদী হয়ে শিক্ষক আবদুল মজিদসহ আটক ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। গতকাল বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সমিতির কেনা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া ঠিক নয়। নিজেদের করা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।