প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র। মুঠোফোনের মাধ্যমে প্রশ্নপত্র দেওয়ার কথা বললেও গত বৃহস্পতিবার রাত থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোন নম্বরগুলোও বন্ধ রয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষের সতর্কতা এবং পুলিশ-গোয়েন্দাদের নজরদারির কারণে শেষ পর্যন্ত প্রশ্ন ফাঁস করতে না পেরে ওই প্রতারক চক্রটি গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রের সচিব ও কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব। পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, প্রতারক চক্রটিকে ধরতে গোয়েন্দাদের সতর্ক করা হয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারকেরা গা ঢাকা দিয়েছে।