প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যারা এসব করছে, তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সচিবালয়ে নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
গত বুধবার এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ তুললে তা প্রমাণ করা কঠিন। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিবেশ এমন হয়েছে, মনে হচ্ছে প্রতিদিনই প্রশ্ন ফাঁস হচ্ছে। আসলে গুজব ছড়িয়ে পড়ছে। সুবিধাভোগী কিছু লোক প্রশ্ন বানিয়ে তা বিক্রি করে। এদের চিহ্নিত করতে পারলে ধরিয়ে দেবেন। কারণ, তারা ছেলেমেয়েদের হয়রানি করছে।’
এদিকে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল সভা করেছে।
ওই তদন্ত কমিটির সভায় ফরিদপুরের জেলা প্রশাসককে ডাকা হয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁস নিয়ে ফরিদপুর থেকেই প্রথম খবর পেয়েছিলাম। আমরা ইতিমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্তের জন্য এখনই কিছু বলছি না। জড়িতদের চিহ্নিত করে অবশ্যই শাস্তি দেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ কয়েকটি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।