প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সান্ধ্য এমবিএর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গতকাল সোমবার বিভাগের একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘটনা তদন্তে একটি কমিটি করার সুপারিশ করা হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে গতকাল একাডেমিক কমিটির বৈঠক হয়েছে। কীভাবে প্রশ্নপত্রটি ফাঁস হয়েছে, তা উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা দরকার। তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটি করে সত্য উদ্ঘাটনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।
ওই বিভাগের ১৬তম ব্যাচের এমবিএ প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ‘প্রিন্সিপলস অব অ্যাকাউন্টিংয়ের’ প্রশ্নপত্র ফাঁস হয়। গত শনিবার বিকেল পাঁচটায় ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিন দুপুরেই কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে। তারা নতুন করে প্রশ্ন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে।
এ ব্যাপারে গতকাল প্রথম আলোতে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য এমবিএর প্রশ্ন ফাঁস’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।