জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলার আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের একটি মেস থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানার পুলিশ। ওই দিনই তাঁকে জয়পুরহাট থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বিকেলে জয়পুরহাট জেলায় সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ফটোকপি ও সাদা কাগজে হাতে লেখা উত্তরপত্রসহ শহরের একটি ছাত্রাবাস থেকে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছী গ্রামের কবিরুল ইসলাম ও জয়পুরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু কাহার। তাঁদের জয়পুরহাট সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে ওই দিন রাতেই মামলা করে। মুঠোফোনের সূত্র ধরে মামলার আসামি আমিনুরকে আগারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।