প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, একজনের কারাদণ্ড
প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও প্রতারণার অভিযোগে নেত্রকোনায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. নূর-এ-আলমের ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তি জাকির হোসেন (৩৫)। তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলার সদর ইউনিয়নে।
নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম প্রথম আলোকে বলেন, পাবলিক পরীক্ষা অপরাধ আইনে জাকিরকে দণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাকিরের বিরুদ্ধে প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে শহরের আনন্দ বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী হাকিম মো. নূর-এ-আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকিরকে দণ্ড দেন।