শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো, ফেসবুকে প্রশ্নপত্রের নামে হুজুগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এখন থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখবে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিজি প্রেসে অনুষ্ঠিত এ-সংক্রান্ত জাতীয় মনিটরিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।
সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে শিক্ষাসচিব চিঠি দেবেন বলে ঠিক হয়।
সভায় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।